Views Bangladesh Logo

ভারতীয় হাইকমিশনে ‘শ্রাবণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) ‘শ্রাবণ সন্ধ্যা’ শিরোনামে বর্ষাকালীন সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠানটি বর্ষা ঋতুর সৌন্দর্য এবং ভারতীয় ও বাংলা সাহিত্য-সংগীত ঐতিহ্যে শ্রাবণের গভীর তাৎপর্যকে কেন্দ্র করে সাজানো হয়। বাছাই করা বর্ষাভিত্তিক গান পরিবেশনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ও সংগীতগুরু অনিল কুমার সাহা এবং তার শিষ্য অলোক কুমার সেন। এছাড়া রবীন্দ্রসংগীত পরিবেশন করেন খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক ও শিক্ষক ড. চঞ্চল খান।

অনিল কুমার সাহা দীর্ঘদিন ধরে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতচর্চা ও নতুন প্রজন্মের শিল্পী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার শিষ্য অলোক কুমার সেন হিন্দুস্তানি শাস্ত্রীয় ও আধা-শাস্ত্রীয় সংগীত, গজল, রবীন্দ্রসংগীত এবং আধুনিক বাংলা গানের পরিবেশনার জন্য পরিচিত।

অন্যদিকে, ড. চঞ্চল খান রবীন্দ্রসংগীতের একজন স্বনামধন্য শিল্পী ও গবেষক। দেশে-বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে এবং রবীন্দ্রসংগীতের সংরক্ষণ ও প্রসারে তিনি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

শিল্পীরা বর্ষাকে কেন্দ্র করে বাংলা ও হিন্দি ভাষার বিভিন্ন গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানজুড়ে বর্ষার সৌন্দর্য, প্রকৃতির আবহ এবং ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে।

ভারতীয় হাইকমিশন জানায়, সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে এ ধরনের আয়োজনের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ