ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় বাণিজ্যিক জাহাজ
ইয়েমেন উপকূলে গোলার আঘাতে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ আরোহীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিবিসি
‘এমএসভি ফাইজ নূরে আউলিয়া’ নামের জাহাজটিতে থাকা ১৪ আরোহীর মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সোনোয়াল একে ‘উসকানিমূলক হামলা’ হিসেবে উল্লেখ করেন এবং ওই অঞ্চলে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে হামলার জন্য দায়ী পক্ষের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে এ অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি আরব–সমর্থিত ইয়েমেন সরকারের পরিবহন মন্ত্রণালয় দাবি করেছে, বিস্ফোরকবোঝাই একটি নৌযানের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে এবং এর জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুতিরা।
সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে অনেক তেলবাহী জাহাজ বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ব্যবহার শুরু করার পর এ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত সপ্তাহেও এ অঞ্চলে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করলেও ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করছে না; ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
মতামত দিন