হরমুজের কাছে ড্রোন হামলায় ডুবল ভারতীয় জাহাজ ‘হাজি আলী’
হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে ড্রোন হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ‘হাজি আলী’। বুধবার (১৩ মে) ভোরে সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের পথে ওমানের জলসীমায় হামলার শিকার হয় জাহাজটি। হামলার পর আগুন লেগে শেষ পর্যন্ত সেটি সাগরে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্ট গার্ড এবং তাদের দিব্বা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতের বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান, উদ্ধার হওয়া নাবিকরা নিরাপদে আছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। ঘটনার পর ভারতীয় কর্তৃপক্ষ ওমান সরকার, ভারতীয় দূতাবাস ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। একইসঙ্গে আরব সাগরে নৌ টহল ও নজরদারি জোরদার করেছে ভারতীয় নৌবাহিনী।
হাজি আলী ছিল একটি ঐতিহ্যবাহী কাঠের পালতোলা জাহাজ বা ‘ঢাউ’। দৈর্ঘ্যে প্রায় ৫৭ মিটার ও প্রস্থে ১৪ মিটারের এই জাহাজটি গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার সালায়া বন্দরে নিবন্ধিত ছিল। এ ধরনের জাহাজ শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত মহাসাগরীয় বাণিজ্যে ব্যবহৃত হয়ে আসছে।
এখন পর্যন্ত হামলার জন্য দায়ী পক্ষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।
উল্লেখ্য, গত এক সপ্তাহে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে একই বন্দরে নিবন্ধিত ভারতীয় জাহাজ ‘আল ফাইজ নূর সুলেমানি-১’ও হরমুজ প্রণালির কাছে ডুবে যায়। এদিকে উত্তেজনার মধ্যেও সম্প্রতি ভারতগামী দুটি এলপিজি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে