পুনরায় শুরু ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর বন্ধ থাকার পর সিকিমের নাথু লা পাস দিয়ে ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য আবার শুরু হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া এই ঐতিহাসিক বাণিজ্যপথ শনিবার থেকে পুনরায় চালু হয়। ২০০৬ সালে ১৯৬২ সালের যুদ্ধের পর ৪৪ বছর বন্ধ থাকার অবসান ঘটিয়ে এই পথ চালু করা হয়েছিল, যা পুরোনো সিল্ক রুটের বাণিজ্য পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
দুই দেশের সম্মত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, প্রতিবছরের মে থেকে নভেম্বর পর্যন্ত সোমবার থেকে বৃহস্পতিবার সীমান্ত বাণিজ্য চলবে। ভারত থেকে হস্তশিল্প, হস্ততাঁতের পণ্য, মসলা, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি সরঞ্জাম, পোশাক ও ধর্মীয় সামগ্রীসহ ৩৬ ধরনের পণ্য রপ্তানি করা হবে। অন্যদিকে তিব্বত থেকে উলের পোশাক, জুতা, ইয়াকজাত পণ্য, মাখন, বোরাক্স, ছাগল ও কম্বল আমদানি হবে।
বাণিজ্য শুরুর আগে নাথু লা সমন্বিত চেকপোস্টের অবকাঠামো সংস্কার এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং প্রথমবারের মতো নারী সদস্যদের একটি প্লাটুনও দায়িত্ব পালন করছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি মৌসুমে সর্বোচ্চ ৪০০ জন ব্যবসায়ী এ পথে বাণিজ্য করতে পারবেন। তাদের মতে, এই উদ্যোগ ভারত-চীনের সম্পর্ক পুরোপুরি বদলে না দিলেও সীমান্তে স্বাভাবিক বাণিজ্য ও যোগাযোগ পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
মতামত দিন