বাংলাদেশ-ভারত সম্পর্কে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে শিল্পকলা সব সময়ই একটি সেতুবন্ধ হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমি মনে করি, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি দৃশ্যমান; যেখানে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে, যা আমাদের দুই দেশের মানুষকে একত্র করে, হৃদয়ের বন্ধন তৈরি করে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় 'ক্রসরোড...নট আ প্রজেক্ট' শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রদর্শনীতে বাংলাদেশের সমকালীন ১১ জন শিল্পীর ৪৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
অনুষ্ঠানে প্রদর্শনী ঘুরে দেখেন হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন, এখানে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, দৈনন্দিন জীবনের সরলতা থেকে গ্রামীণ প্রকৃতির শান্ত সৌন্দর্য — সবকিছুই তুলে ধরা হয়েছে। প্রকৃতি ও মানুষের মধ্যকার সুষম সম্পর্কও এখানে উঠে এসেছে।
ঘণ্টা বাজিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন হাইকমিশনার। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কোন্নয়নে শিল্প অনেক সময় নীরবে পটভূমিতে থাকলেও সীমানা অতিক্রম করে দুই সংস্কৃতির মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, ‘আমাদের অভিন্ন ইতিহাস, ভৌগোলিক অবস্থান, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। পাশাপাশি শিল্প সব সময়ই আমাদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করেছে।’ আগামী দিনে দুই দেশের শিল্পীদের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি।
দুই দেশের মধ্যে আরও বেশি শিল্প বিনিময়ের ওপর জোর দেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমরা এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করতে, সহায়তা দিতে এবং বাস্তবায়নে সাহায্য করতে প্রস্তুত। শিল্পীদের সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের যেকোনো উদ্যোগে অংশ নিতে আমরা আগ্রহী।’
প্রদর্শনী প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে এবং ১৬ এপ্রিল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে