ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠিত হবে না। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’
তবে এই সফর নিয়ে নয়াদিল্লি বা ঢাকা কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও দেওয়া হয়নি। পরে বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের রীতি রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে এবং সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।
মতামত দিন