Views Bangladesh Logo

পারমাণবিক হুমকি সহ্য করবে না ভারত: পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

স্বাধীনতা দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেয়া ভাষণে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারত আর পারমাণবিক হুমকি কিংবা সীমান্তপারের সন্ত্রাসবাদ সহ্য করবে না।’

জাতীয়তাবাদী দৃঢ়তা ও নীতিগত অবস্থান তুলে ধরে দেয়া এই ভাষণে মোদি আরও ঘোষণা দেন যে, ভারত সরকার ইন্দাস পানি চুক্তি বাতিল করছে। তিনি বলেন, ‘রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’

ভারতের এই ঘোষণা আসে গত ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর, যার ফলে চুক্তিটি স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেন, পাকিস্তান ভারতীয় পানি ব্যবহার করে নিজেদের জমি সেচ দিচ্ছে, অথচ ভারতীয় কৃষকরা পানির অভাবে ভুগছেন।

তিনি বলেন, ‘আমাদের পানি দিয়ে শত্রুর জমি সেচ হয়, অথচ আমাদের জমি থাকে তৃষ্ণার্ত। এটা আর চলবে না। ভারতের কৃষকরা এখন তাদের ন্যায্য অধিকার পাবে।’

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের পারমাণবিক হুমকিকে “ব্ল্যাকমেইল” আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর ভারত সন্ত্রাসবাদ সহ্য করেছে। কিন্তু এখন আমরা সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা মানবতার শত্রু। পারমাণবিক হুমকি আর গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসবাদ চলতে থাকলে, উপযুক্ত জবাব দেয়া হবে—আমাদের সেনারা প্রস্তুত।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ