বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত: হাইকমিশনার
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। বিএনপির সঙ্গে ভারতের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক জোরদার করতেও ভারত কাজ করছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রদূত।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল বলেন, ‘তারা (ভারত) বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।
তিনি বলেন, ভারত ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর সরকারের সঙ্গে আলোচনা করেছে।
তিনি আরও বলেন, তারা (ভারত) এই সম্পর্কের আরও ইতিবাচকতা আনার বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে ভারতীয় রাজনৈতিক দলগুলোর সম্পর্ক জোরদার করতে ভারত একটি প্রস্তাব তৈরি করছে।
বৈঠকে উভয় দেশের নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভারত বলেছে, তারা এ ব্যাপারে খুবই সজাগ এবং তারা কীভাবে দ্রুত এসব সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা করছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে