ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প
ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যে সেই চুক্তিটি করেছি, অন্তত চুক্তির প্রাথমিক ধারণাটি চূড়ান্ত হয়েছে।
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভেনেজুয়েলার তেল কেনার কারণে ২০২৫ সালের মার্চ মাসে ভারতসহ একাধিক দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর আগে রাশিয়া থেকে তেল আমদানির কারণেও ভারতের ওপর শুল্ক আরোপ করা হয়।
ট্রাম্প আরও দাবি করেন, চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর তেলসমৃদ্ধ দেশটি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে।
বার্তাসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল বোঝাই ১৮টি জাহাজ টেক্সাস, লুইসিয়ানা ও মিসিসিপির বিভিন্ন পরিশোধনাগারে পাঠানো হয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। বর্তমানে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে দৈনিক প্রায় দুই লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ হচ্ছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিপরীতে, চীনে ভেনেজুয়েলার তেল রপ্তানি জানুয়ারিতে শূন্যে নেমে এসেছে, যেখানে গত বছর দেশটিতে দৈনিক গড়ে চার লাখ ব্যারেল তেল যেত।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) ফোনে কথা বলেছেন। উভয় নেতা দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে একমত হন এবং আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর এটিই ছিল দুই দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম যোগাযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি বলেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা হয়েছে। আমরা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে