Views Bangladesh Logo

প্রশ্নফাঁস কেলেঙ্কারি, ভারতে টেলিগ্রাম সাময়িক নিষিদ্ধ

ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগের প্রেক্ষাপটে দেশটিতে সাময়িকভাবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ওপর এমন নিষেধাজ্ঞা।

মঙ্গলবার ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানায়, ২১ জুন অনুষ্ঠিতব্য এনইইটি-২০২৬ পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতারণার জন্য সংগঠিত চক্রগুলো টেলিগ্রাম ব্যবহার করছিল। এ কারণেই অ্যাপটির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা ২২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

গত মাসে মেডিকেল কলেজে ভর্তির জন্য অনুষ্ঠিত এনইইটি স্নাতক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তদন্তের স্বার্থে সরকার পরীক্ষাটি বাতিল করে এবং প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ফলাফলও বাতিল করা হয়। সরকারের দাবি, টেলিগ্রামের কিছু চ্যানেল পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির প্রস্তাব দিচ্ছিল, যদিও সংশ্লিষ্ট চ্যানেলগুলোর নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সামাজিক মাধ্যমে আলোচিত 'ককরোচ জনতা পার্টি'ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলনে অংশ নেয়।

ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের একটি ধারা ব্যবহার করে টেলিগ্রামের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। ওই আইনে দেশের 'সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে' অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।

তবে ডিজিটাল অধিকারকর্মীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) এক বিবৃতিতে বলেছে, টেলিগ্রাম বন্ধ করে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান নয় এবং এটি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে একটি অপ্রতুল ও অসামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ। সংগঠনটির মতে, এই নিষেধাজ্ঞা প্রকৃত অপরাধীদের বদলে সাধারণ ব্যবহারকারীদের ভোগান্তিতে ফেলবে এবং প্রশ্নফাঁসের মূল কারণ দূর করতে পারবে না।

এদিকে সরকার জানিয়েছে, টেলিগ্রামের মাধ্যমে প্রতারণামূলক কনটেন্ট ছড়ানো বন্ধে আগের পদক্ষেপগুলো কার্যকর না হওয়ায় শেষ উপায় হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ