Views Bangladesh Logo

হরমুজে ভারতীয় নাবিক নিহত, ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব ভারতের

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় নয়া দিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে ভারত সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইরানি কূটনীতিককে ডেকে পাঠায়।

প্রতিবেদন অনুযায়ী, ‘মমবাসা’ ও ‘আল বাহিয়া’ নামের দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে চলাচলের সময় হামলার শিকার হয়। এতে ‘মমবাসা’ জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হন এবং আরও আটজন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি ট্যাংকারেই আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জাহাজ দুটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

আমিরাত সরকার এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড, জাহাজ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছে দেশটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার ভোরে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে ইরান বাহরাইন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতগামী দুটি ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১১ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এর আগে গত মাসে একটি জাহাজে মার্কিন হামলায় আরও তিন ভারতীয় নাবিকের প্রাণহানি ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ