অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনার নাম প্রকাশ করল ভারত
ভারত সরকার প্রথমবারের মতো গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনাসদস্যের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। দেশটির রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘রোল অব অনার’ তালিকায় তাদের নাম যুক্ত করা হয়েছে এবং স্মৃতিসৌধের দেয়ালে খোদাই করা হয়েছে তাদের নাম।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সামরিক উত্তেজনার সময় ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে ভারতীয় বাহিনী। তবে ওই অভিযানে নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে এতদিন কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ভারত সরকার। এবার নিহত সেনাদের নাম প্রকাশের মাধ্যমে প্রথমবারের মতো বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।
নিহত ছয় সেনাসদস্য হলেন— হেডকোয়ার্টার্স ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সুবেদার মেজর পবন কুমার, ৪ জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির রাইফেলম্যান সুনীল কুমার (বীর চক্র), ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার, ৮৫১ লাইট রেজিমেন্টের এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরলীনায়েক, ২৩৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির হাবিলদার সুনীল কুমার সিং এবং ৩৯ উইংয়ের সার্জেন্ট সুরেন্দ্র কুমার (বায়ু সেনা মেডেল)।
ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ওয়াল থ্রি-ডি’ অংশে ২০২৫ সালের জন্য নির্ধারিত তালিকায় তাদের নাম যুক্ত করা হয়েছে। দেশের জন্য জীবন উৎসর্গ করা সেনাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ৭ মে ভোরে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। ভারতীয় বাহিনীর দাবি অনুযায়ী, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা কয়েকটি সন্ত্রাসী স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়।
পরবর্তীতে ১০ মে দুই দেশের সামরিক কর্মকর্তাদের আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।
নিহতদের মধ্যে রাইফেলম্যান সুনীল কুমারকে ‘বীর চক্র’ এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে ‘বায়ু সেনা মেডেল’ দেওয়া হয়েছে। ভারতীয় সামরিক ইতিহাসে ‘অপারেশন সিন্দুর’-এর নামও এখন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্থান পেয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস
মতামত দিন