যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টাপালটি অভিযোগ উঠে। ভারত ও পাকিস্তান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষারোপ করেছে।
ভারত দাবি করেছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। অন্যদিকে, পাকিস্তান ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান এও দাবি করেছে, ভারতও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আল জাজিরা ও বিবিসি।
পাকিস্তান রোববার ভোরে এক বিবৃতিতে জানায়, ভারতীয় বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং জানায়, পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যেকোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। পাশাপাশি, সীমান্তে অবস্থানরত সৈন্যদের সংযম প্রদর্শন করা অত্যন্ত জরুরি।
এদিকে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারতের অভিযোগ, পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। ফলে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান গোলাগুলি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তবে, ভারতীয় সেনারা এই হামলার সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভারতীয় পররাষ্ট্র সচিব আরও বলেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনা ২২ এপ্রিল থেকে বৃদ্ধি পায়, যখন পেহেলগামে বন্দুকধারী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। এরপর ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে