Views Bangladesh Logo

‘১০০% খাঁটি’ ও ‘অর্গানিক’ দাবিতে ডাবরের কয়েকটি পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা ভারতে

পণ্যের মোড়কে ‘১০০ শতাংশ খাঁটি’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ ও ‘১০০ শতাংশ অর্গানিক’—এর মতো দাবি করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে ডাবর ইন্ডিয়া লিমিটেডের কয়েকটি খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ডাবরের কয়েকটি পণ্যে ব্যবহৃত ‘১০০% প্রাকৃতিক’, ‘১০০% খাঁটি’, ‘১০০% অর্গানিকের নিশ্চয়তা’ এবং ‘১০০% ডাবের পানি’—এ ধরনের দাবি অস্পষ্ট, যাচাই-অযোগ্য এবং সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।

এফএসএসএআই আরও জানায়, ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার’ ও ‘ডাবর অর্গানিক হানি’ পণ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ‘অর্গানিক ইন্ডিয়া’ লোগো ব্যবহার করা হয়েছে, যা ২০১৭ সালের অর্গানিক ফুডস রেগুলেশনের লঙ্ঘন।

এ ছাড়া ‘ডাবর হোমমেড কোকোনাট মিল্ক’-এর মোড়কে ‘১০০% পিউরিটি’ লেখা হয়েছে, যা মিশ্র বা কম্পাউন্ড খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থাটি।

এসব অভিযোগের ভিত্তিতে চিহ্নিত পণ্যগুলোর বিক্রি অবিলম্বে বন্ধ করতে এবং ১৫ দিনের মধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে ডাবরকে নির্দেশ দিয়েছে এফএসএসএআই।

তবে ডাবর ইন্ডিয়া অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের পণ্যের লেবেলিং ও গুণগত মান প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং শিল্পখাতে দীর্ঘদিন ধরে অনুসৃত প্রচলিত চর্চার ভিত্তিতেই এসব দাবি করা হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা ও আইনি মানদণ্ড মেনে চলে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে।

ডাবরের দাবি, এ সিদ্ধান্তের প্রভাব শুধু সংশ্লিষ্ট কয়েকটি খাদ্যপণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে; কোম্পানির সামগ্রিক ব্যবসা বা আর্থিক অবস্থার ওপর এর উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না।

এদিকে, এফএসএসএআইয়ের সিদ্ধান্ত প্রকাশের পর ভারতের শেয়ারবাজারে ডাবর ইন্ডিয়ার শেয়ারের দর ৪ দশমিক ৩২ শতাংশ কমে ৪০৭ দশমিক ৪০ রুপিতে নেমে আসে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ