Views Bangladesh Logo

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ একাধিক স্থাপনায় বোমা হামলার হুমকি

ভারতের স্বাধীনতা দিবসের আগে রাজধানী নয়াদিল্লির দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকালে একাধিক সরকারি দপ্তর, আদালত ও বিমানবন্দরে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। একটি ই-মেইলের বিষয় ছিল—‘বোমা বিস্ফোরণ দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’। এতে শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে এবং বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।

এ ছাড়া দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-৩, দিল্লি মেট্রো, জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত কার্যালয়, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম কার্যালয়সহ আরও কয়েকটি স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে দ্রুত পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল ও দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়। বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে হুমকিগুলোকে ভুয়া বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হুমকি বলে মনে করা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

ই-মেইলে দিল্লির আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রতিশোধ হিসেবে হামলার পরিকল্পনার দাবি করা হয়েছে। একই সঙ্গে ‘খালিস্তান’-এর সদস্যরা ইতোমধ্যে দিল্লিতে পৌঁছে গেছে বলেও দাবি করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীসহ ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই জোরদার করা হয়েছে। নতুন করে বোমা হামলার হুমকি পাওয়ার পর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

সূত্র: দ্য হিন্দু, পিটিআই

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ