ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু
রেল পরিবহনকে পরিবেশবান্ধব করা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করেছে ভারত। এর মাধ্যমে হাইড্রোজেনচালিত ট্রেনের প্রযুক্তি ব্যবহারকারী বিশ্বের অল্প কয়েকটি দেশের কাতারে যুক্ত হলো দেশটি।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাঞ্চলের হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপাতের মধ্যে ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ১০ কোচের ট্রেনটির উদ্বোধন করেন। ট্রেনটি ১ হাজার ২০০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেমে পরিচালিত হবে।
হাইড্রোজেনচালিত ট্রেনে ফুয়েল সেলের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এ প্রক্রিয়ায় ক্ষতিকর ধোঁয়ার পরিবর্তে শুধু জলীয় বাষ্প ও তাপ নির্গত হয়, ফলে এটি পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে বিবেচিত।
উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, স্বনির্ভর ভারত গঠন এবং টেকসই উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি দেশেই নির্মাণ করা হয়েছে। তবে ফুয়েল সেলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে।
ট্রেনটির পাশাপাশি হরিয়ানার জিন্দে একটি হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্রও চালু করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। যদিও প্রচলিত ট্রেনের তুলনায় এই প্রযুক্তির পরিচালন ব্যয় এখনও তুলনামূলক বেশি।
মতামত দিন