ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত
নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর সামুদ্রিক নিরাপত্তাসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে ভারত ও জাপান। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বৈঠক করেন। পরে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তারা।
যৌথ বিবৃতিতে দুই দেশ মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারতের সামরিক সরঞ্জাম উৎপাদন খাতে জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
দুই মন্ত্রী নৌযান নির্মাণ ও নকশায় যৌথ উন্নয়ন প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছেন। জাপানের প্রযুক্তিগত দক্ষতা ও ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
ভারত ও জাপান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটের সদস্য। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন