Views Bangladesh Logo

বাংলাদেশি ৪টি পাটজাত পণ্যের উপর ভারতের নতুন নিষেধাজ্ঞা

বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। সোমবার (১১ আগস্ট) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে জানায়, চার ধরনের পাটজাত পণ্য এখন থেকে স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এসব পণ্য শুধুমাত্র মুম্বাইয়ের নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।

নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে—পাটের বস্তা ও ব্যাগ, ব্লিচ ও আনব্লিচ করা বোনা পাটফ্যাব্রিক, এবং পাটের সুতা ও দড়ি। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিক কার্যকর করা হয়।

গত ছয় মাসে এটি নিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ভারতের চতুর্থ দফা আমদানি বিধিনিষেধ। এর আগে ১৭ মে স্থলপথে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা, ফল, ফ্লেভারযুক্ত পানীয় ও সফট ড্রিংকসের আমদানি সীমিত করা হয়। তার আগে ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর দিয়ে রপ্তানির বিশেষ সুবিধাও বাতিল করে ভারত। ২৭ জুন আবারও স্থলপথে কাঁচা পাট, পাটরোল, পাটসুতা ও কিছু পাটফ্যাব্রিকের আমদানি নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আবদুর রউফ এ ধরনের অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি জানান, এমন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি চলছে।

সচিব আবদুর রউফ বলেন, ‘প্লাস্টিকের বিকল্প হিসেবে দেশে পাটজাত পণ্যের চাহিদা বাড়াতে কাজ চলছে। সাধারণ পাটপণ্য রপ্তানির বদলে আমরা এখন উচ্চমূল্যের, মূল্য সংযোজন করা পণ্য বিশ্ববাজারে পাঠাতে চাই।’

আবদুর রউফ মনে করেন, ভারতের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বাংলাদেশ উপকৃত হতে পারে।

বাংলাদেশ মাল্টিপারপাস পাটপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না বলেন, ভারতের অধিকাংশ আমদানিকারক কলকাতা-ভিত্তিক হওয়ায় স্থলপথে সহজে পণ্য পৌঁছানো যেত। কিন্তু তিন মাস আগে কিছু পণ্যের ক্ষেত্রে স্থলপথে নিষেধাজ্ঞা আসার পর থেকে রপ্তানিকারকদেরকে মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে, যা পরিবহন খরচ ও সময় অনেক বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘নতুন চারটি পণ্য নিষিদ্ধ হওয়ায় ভারতের ওপর নির্ভর করে রপ্তানি চালিয়ে যাওয়া এখন আর বাণিজ্যিকভাবে লাভজনক নয়।’

রাশেদুল করিম মুন্না বলেন, ইউরোপ ও আমেরিকার বাজার লক্ষ্য করে পণ্যের বৈচিত্র্য, মানোন্নয়ন ও মূল্য সংযোজনের দিকে মনোযোগ দিলে এই সংকটকে দীর্ঘমেয়াদে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ