Views Bangladesh Logo

বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের সামরিক মহড়া ‘প্রগতি’

প্রথমবারের মতো ১১টি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে নিয়ে ‘প্রগতি’ নামের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করেছে ভারত। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।

আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে এই যৌথ মহড়া।

টাইমস অব ইন্ডিয়া'র এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে অংশ নেবে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভুটান।

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হবে। মহড়ার মূল লক্ষ্য বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদবিরোধী অভিযান নিয়ে যৌথ প্রশিক্ষণ জোরদার করা।

এতে আরও বলা হয়েছে, প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, সক্ষমতা উন্নয়ন এবং যৌথ অভিযানের দক্ষতা গড়ে তোলাই এই মহড়ার উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই মহড়া ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণে দ্বিপাক্ষিক উদ্যোগ থেকে বহুপাক্ষিক কাঠামোয় রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ ছাড়া মহড়ার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শন এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ