পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিল ভারত
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নেওয়ার ঠিক তিন দিনের মাথায় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা ও ব্যারিকেড গুঁড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা পিটিআইকে সরকারি সূত্র জানায়, দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে পাকিস্তান হাইকমিশন অবস্থিত। হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে অবৈধ স্থাপনা তৈরি করায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকারি নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র আরও জানায়, অভিযান চলাকালে বুলডোজার ব্যবহার করে দূতাবাসের ভিসা সেকশনের কাছে লাইন নিয়ন্ত্রণের জন্য তৈরি করা স্থাপনা ও নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে।
তবে হাইকমিশনের প্রধান ফটক, মূল ভবনের সাদা দেয়াল, গম্বুজ আকৃতির নকশা এবং পাকিস্তানি জাতীয় প্রতীকযুক্ত বড় ধাতব গেটটি অক্ষত রয়েছে। প্রকাশিত ছবিতে সীমানার কিছু অংশে কাঁটাতারের বেড়াও স্পষ্ট দেখা গেছে।
এদিকে, এই ঘটনার ঠিক একদিন আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সারজিও গোর শ্রীনগর সফরকালে জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ’ বলে মন্তব্য করেন। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনে পরিচালিত উচ্ছেদ অভিযানের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করা হয়েছে।
মতামত দিন