‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম’ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত
সামরিক সক্ষমতায় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাতারে নিজেদের অবস্থান আরও শক্ত করল প্রতিবেশী ভারত। বহু প্রতীক্ষার পর দেশটি সফলভাবে পরীক্ষা করেছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ওডিশা উপকূল এলাকায় ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও ভারতীয় বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই সাফল্য ভারতের সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ বা ‘তারা’ নামক প্রযুক্তির প্রথম ফ্লাইট ট্রায়াল অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন একটি সিস্টেম, যা সাধারণ বোমাকেও অবিশ্বাস্য নির্ভুলতার সাথে লক্ষ্যভেদে সক্ষম করে তোলে। এর ফলে দেশটির বিমান বাহিনীর আক্রমণাত্মক ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে।
যদিও সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একে ‘অগ্নি-৬’ হিসেবে নাম দেয়নি, তবে উচ্চপদস্থ সূত্রগুলোর দাবি— এটি মূলত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শ্রেণির এবং এর পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি। এই তথ্যের সত্যতা নিশ্চিত হলে ভারতের শক্তিশালী সমরাস্ত্রের তালিকায় এটিই হবে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো হাতেগোনা কয়েকটি দেশের কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে এই সক্ষমতা অর্জন করলে বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত হানার ক্ষমতা অর্জন করবে দেশটি।
ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র চেয়ারম্যান সমীর ভি কামাত এক সম্মেলনে জানিয়েছিলেন যে, অগ্নি-৬ কর্মসূচির জন্য কারিগরিভাবে তারা পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, একাধিক লক্ষ্যবস্তুতে একসাথে আঘাত হানতে সক্ষম ‘মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল’ প্রযুক্তি ভারতকে বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে