Views Bangladesh Logo

চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাবনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ (সিএমবিসি) অর্থনৈতিক করিডোর নিয়ে ঢাকা-বেইজিংয়ের আলোচনা ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, জে-১০সিই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে পৃথক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের এ ধরনের সব ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রসঙ্গে ভারতীয় মুখপাত্র বলেন, এ প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে।

তিনি জানান, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ধরনের কৌশলগত ও উন্নয়নমূলক ঘটনাপ্রবাহ বিবেচনায় রেখেই ভারত তার নীতি নির্ধারণ করবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানকে ‘জাতীয় অগ্রাধিকার’ উল্লেখ করে যেকোনো মূল্যে প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। একই সময়ে বাংলাদেশ ও চীন তিস্তাসহ আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে।

তবে চীনা কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।

ব্রিফিংয়ে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি (ইন্দাস ওয়াটার্স ট্রিটি) নিয়েও ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের কারণেই চুক্তিটি স্থগিত রয়েছে। ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং পাকিস্তানকে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন ত্যাগ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ