৭ বছর পর আবার ইরান থেকে তেল কিনছে ভারত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় প্রায় সাত বছর পর আবারও ইরান থেকে তেল কিনেছে ভারত।
শনিবার (৪ এপ্রিল) ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি–ঘিরে সরবরাহ সংকট তৈরি হওয়ায় ভারতীয় শোধনাগারগুলো ইরানি অপরিশোধিত তেল সংগ্রহ করেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ২০১৯ সালের মে মাসের পর প্রথমবারের মতো ইরান থেকে তেল আমদানি করল। সে সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি তেল কেনা বন্ধ করতে বাধ্য হয়েছিল নয়াদিল্লি।
তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ফলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তেলের চাহিদা মেটাতে বিকল্প উৎস হিসেবে আবার ইরানের দিকে ঝুঁকেছে ভারত।
ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শোধনাগারগুলো বাণিজ্যিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল আমদানিতে স্বাধীন। বর্তমানে ৪০টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত।
এছাড়া ভারত ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)ও কিনেছে, যা একটি নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে করে পশ্চিম উপকূলের মাঙ্গালোর বন্দরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সাময়িকভাবে ইরানি তেল ও পরিশোধিত পণ্যের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় এই আমদানির পথ সহজ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: রয়টার্স

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে