মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই রুশ তেল কিনছে ভারত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা ভারত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা। সোমবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ছাড়ের বিষয়ে জানতে চাওয়া হলে সুজাতা শর্মা বলেন, ‘আমি এই বিষয়ে জোর দিয়ে বলতে চাই যে, আমরা আগেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করেছিলাম। অর্থাৎ যুক্তরাষ্ট্র ছাড় দেওয়ার আগেও কিনেছি, ছাড়ের সময়কালেও কিনেছি এবং এখনও আমাদের এই কেনাকাটা চলমান রয়েছে।’
তিনি আরও স্পষ্ট করেন যে, তেল কেনার বিষয়টি মূলত সম্পূর্ণ বাণিজ্যিক লাভ-ক্ষতির হিসাবের ওপর নির্ভর করে। দেশীয় বাজারে অপরিশোধিত তেলের কোনো ঘাটতি নেই এবং ভারত ইতিমধ্যে বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত তেল সরবরাহের চুক্তি নিশ্চিত করেছে। ফলে আমেরিকার নিষেধাজ্ঞা কিংবা কোনো ছাড়ের সিদ্ধান্তের ওপর ভারতের এই তেল আমদানি প্রক্রিয়া মোটেও নির্ভরশীল নয় এবং এটি ভারতকে প্রভাবিত করবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে