Views Bangladesh Logo

ভারতে চারতলা ভবন ধসে ৯ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার ‘কোহিনুর বিল্ডিং’-এর বি-উইং অংশ হঠাৎ ধসে পড়ে। ভবনটিতে সংস্কারকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় পৌরসভা কর্মকর্তারা জানান, চারতলা ওই ভবনে মোট ৪৮টি কক্ষ ছিল। এর আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবনের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা। আতঙ্কিত হয়ে অনেকেই দ্রুত ভবন ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন। তবে অনেকে বের হওয়ার আগেই ভবনটি ধসে পড়ে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে জাতীয় দুর্যোগ সাড়াদানকারী বাহিনী (এনডিআরএফ), থানে বিপর্যয় সাড়াদানকারী দল ও স্থানীয় ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে কুকুরের দল, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ