Views Bangladesh Logo

বাংলাদেশের নির্বাচন ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ালো ভারত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়।

এছাড়া সীমান্তে যাওয়ার সব গুরুত্বপূর্ণ সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার পথে লবঙ্গ মোড়ে প্রতিটি গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হয়। চালক ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অবৈধ যাতায়াত কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বসিরহাট মহকুমা পুলিশের পক্ষ থেকে এলাকার আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালানো হয়েছে। সেখানে অবস্থানকারী অতিথিদের নথিপত্র যাচাই করা হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে সংবেদনশীল সময় বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ