Views Bangladesh Logo

বেসরকারি মহাকাশ অভিযানে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ইতিহাস গড়ল ভারত

ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ করেছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস। এর মধ্য দিয়ে বেসরকারি উদ্যোগে কক্ষপথে উপগ্রহ পাঠাতে সক্ষম বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ইতিহাস গড়ল ভারত।

শনিবার (১৮ জুলাই) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘মিশন আগমন’ নামে রকেটটির প্রথম কক্ষপথ মিশন পরিচালিত হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেটটি ৪৫০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে সফলভাবে পেলোড স্থাপন করে।

উৎক্ষেপণের নির্ধারিত সময়ের কিছু আগে প্রযুক্তিগত কারণে কাউন্টডাউন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে কোনো জটিলতা ছাড়াই মিশনটি সফলভাবে সম্পন্ন হয়।

স্কাইরুট অ্যারোস্পেস জানিয়েছে, ‘মিশন আগমন’ ছিল একটি পরীক্ষামূলক কক্ষপথ মিশন। ভবিষ্যতে নিয়মিত বাণিজ্যিক উৎক্ষেপণ শুরুর আগে আরও কয়েকটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হবে।

২২ মিটার দীর্ঘ বিক্রম-১ রকেটটি নিম্ন পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ ৩৫০ কেজি ওজনের পেলোড বহনে সক্ষম। এতে তিনটি কঠিন জ্বালানিচালিত ধাপ এবং একটি তরল জ্বালানিচালিত অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউল রয়েছে। এই মডিউলে প্রথমবারের মতো ভারতে তৈরি ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

এই অভিযানে ভারত ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রদর্শনী উপগ্রহ এবং মহাকাশ গবেষণার পরীক্ষামূলক যন্ত্র বহন করা হয়েছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাইরুট অ্যারোস্পেস ভারতের বেসরকারি মহাকাশ খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। এর আগে ২০২২ সালে প্রতিষ্ঠানটির বিক্রম-এস রকেট ভারতের প্রথম বেসরকারি রকেট হিসেবে সফল উপকক্ষপথ উড্ডয়ন সম্পন্ন করেছিল।

ভারত ২০২০ সালে মহাকাশ খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলো রকেট, উপগ্রহ ও উৎক্ষেপণসেবা উন্নয়নে অংশ নেওয়ার সুযোগ পায়। এর আগে এসব কার্যক্রম পরিচালনা করত ভারতের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ভারত সরকার ২০৩৩ সালের মধ্যে বৈশ্বিক মহাকাশ অর্থনীতিতে দেশের অংশীদারত্ব বর্তমান প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ