Views Bangladesh Logo

অবৈধ ভিওআইপি: গ্রামীণফোনকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা, ১৮৪ সিম জব্দ

অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত সংযোগ শনাক্ত হওয়ায় গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নোটিশ পাওয়ার পর অপারেটরটিকে ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে তার প্রমাণ কমিশনে জমা দিতে হবে; ব্যর্থ হলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিটিআরসির নোটিশ অনুযায়ী, গত ২১ এপ্রিল ২০২৬ পরিচালিত অভিযানে ১৬৪টি এবং ১৯ মে ২০২৬ পরিচালিত আরেকটি অভিযানে ২০টি—সব মিলিয়ে গ্রামীণফোনের মোট ১৮৪টি সংযোগ ভিওআইপি প্রযুক্তির মাধ্যমে অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হতে দেখা যায়। জব্দ করা সিমগুলো তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে সংরক্ষিত রয়েছে।

নোটিশে বলা হয়েছে, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন, ২০২৪-এর ২৫.০৪.০১ ধারা অনুযায়ী প্রতিটি লাইসেন্সধারী অপারেটরের জন্য অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন ও/অথবা অরিজিনেশনে জড়িত সংযোগ শনাক্ত, পর্যবেক্ষণ ও নিষ্ক্রিয় করতে উপযুক্ত কারিগরি ও স্ব-নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা ও কার্যকরভাবে বাস্তবায়ন বাধ্যতামূলক। একই গাইডলাইনের ২৫.০৬ ধারা অনুযায়ী প্রতারণামূলক টেলিযোগাযোগ কার্যক্রম আগেভাগে শনাক্ত, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম একটি কার্যকর টেলিকম ফ্রড ম্যানেজমেন্ট (টিএফএম) ব্যবস্থা গড়ে তোলাও প্রতিটি অপারেটরের দায়িত্ব। বিটিআরসির মূল্যায়নে, এই দুই ধারা যথাযথভাবে পরিপালনে ব্যর্থ হয়েছে গ্রামীণফোন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১, প্রযোজ্য লাইসেন্স শর্তাবলি, সেলুলার মোবাইল সার্ভিসেস রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইন, ২০২৪ এবং কমিশনের ০৩/০৬/২০১৯ তারিখের ১৪.৩২.০০০০.০০৬.৩৬.০৫১.১৫.১৮৯ নম্বর নির্দেশনার ক্ষমতাবলে প্রতিটি জব্দকৃত সিমের জন্য ১০ হাজার টাকা হারে এই প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়েছে।

তবে দায় এড়িয়েছে গ্রামীণফোন। অপারেটরটি বলছে, এই অনিয়মের জন্য বিটিআরসিকে সংশ্লিষ্ট গ্রাহকদের জবাবদিহিতায় আনতে হবে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘গ্রামীণফোন দেশের প্রচলিত আইন এবং বিটিআরসির সব নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের নিবন্ধন নিশ্চিত করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতারণামূলক ভিওআইপি কার্যক্রম প্রতিরোধে বিটিআরসি নির্ধারিত স্ব-নিয়ন্ত্রণ (সেলফ-রেগুলেশন) ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করছে গ্রামীণফোন। তবে বায়োমেট্রিকভাবে নিবন্ধিত কোনো গ্রাহক যদি তাঁর সংযোগ অবৈধ কাজে ব্যবহার করেন, সে ক্ষেত্রে ওই গ্রাহকের জবাবদিহিতা নিশ্চিত করা নিয়ন্ত্রক সংস্থার এখতিয়ার। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে।’

এর আগেও বিভিন্ন সময়ে অপারেটরটি অবৈধ ভিওআইপির দায়ে অভিযুক্ত হয়েছে এবং জরিমানার মুখে পড়েছে। ২০২৩ সালে এক অভিযানে উদ্ধার করা হয় অপারেটরটির ১ হাজার ৬৪০টি সিম। ২০২২ সালেও অবৈধ ভিওআইপির কারণে তাদের ৯৯ লাখ ৬২৫ টাকা জরিমানা করা হয়েছিল, যদিও পরে তা কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়। ২০১৮ সালে তাদের ১ হাজার ৪১৪টি সিম উদ্ধার হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ