আইফায় ১২ পুরস্কার জিতল ‘ধুরন্ধর’, সেরা অভিনেতা রণবীর সিং
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডের ২৬তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) আইফার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।
‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং। একই সিনেমার জন্য সেরা পরিচালক ও সেরা মৌলিক গল্পের স্বীকৃতি পেয়েছেন আদিত্য ধর। এ ছাড়া সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন সঞ্জয় দত্ত এবং সেরা খলনায়কের স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্না।
অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পড্ডা। একই সিনেমার অভিনেতা আহান পান্ডে পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার। ‘আজাদ’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন রাশা থাডানি। ‘জোলি এলএলবি থ্রি’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হুমা কুরেশি।
ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘বারামুলা’। এ বিভাগে সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও জিতেছে সিনেমাটি। ‘স্টোলেন’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন করন তেজপাল এবং সেরা অভিনেতা হয়েছেন অভিষেক ব্যানার্জি। ‘মিসেস’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সানায়া মালহোত্রা।
সিরিজ বিভাগে সেরা হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজটি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। এ বিভাগে সেরা মৌলিক গল্পের স্বীকৃতি পেয়েছে ‘পাতাল লোক টু’। সিরিজটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাত এবং সেরা অভিনেত্রী হয়েছেন তিলোত্তমা সোম। এ ছাড়া ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন রাঘব জুয়েল এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন অন্যা সিং।
মতামত দিন