রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ আইজিপির
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সরাসরি তদারকি ও মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। তাই ঢাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা পুরো দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন আইজিপি। তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কার্যক্রমে সিনিয়র কর্মকর্তাদের নিয়মিত নজরদারি ও কার্যকর তদারকির ওপর গুরুত্ব দেন।
আইজিপি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করলে পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ে। একই সঙ্গে যথাযথ তদারকি নিশ্চিত হলে পুলিশের নিচের স্তরের সদস্যরাও আরও সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে উৎসাহিত হন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অন্যায় বা অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে দেশের স্বার্থ ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে হবে। তবে কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ভুল করলে কিংবা ব্যক্তিগত স্বার্থে দায়িত্বের অপব্যবহার করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না বলেও সতর্ক করেন তিনি।
পুলিশের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের মূল পরিচয় আইন ও জনগণের সেবক হিসেবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাও বর্তমানে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
সভায় পুলিশকে অকার্যকর করার যেকোনো অপচেষ্টা ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন