Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি সেনার যিশুর মূর্তি ভাঙার ছবি সত্য: আইডিএফ

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনাকে হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙতে দেখা গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি সত্য বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

সোমবার মধ্যরাতের পর দেওয়া এক বিবৃতিতে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক্সে দেওয়া পোস্টে বলেন, ঘটনাটি তদন্ত করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক পর্যালোচনার পর আইডিএফ জানিয়েছে, ছবিতে দেখা সেনাসদস্য দক্ষিণ লেবাননে অভিযানে নিয়োজিত ছিলেন। বাহিনীটি আরও বলেছে, তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ ধরনের আচরণ তাদের সেনাদের প্রত্যাশিত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ছবিটি দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত ডেবেল গ্রামে তোলা হয়েছিল। ওই সময় গ্রামটির আশপাশের এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল আইডিএফ।

আইডিএফের নর্দান কমান্ড এ ঘটনার তদন্ত করছে। তারা মূর্তিটি পুনর্নির্মাণ করে আগের স্থানে পুনঃস্থাপনের আশ্বাস দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সম্পদ ধ্বংস ও লুটপাটের অভিযোগের মধ্যেই এটি নতুন করে বিতর্ক তৈরি করেছে।

জেরুজালেমে খ্রিস্টান নেতাদের সঙ্গে ইসরায়েল সরকারের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ঘটনাটি সামনে এলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ