কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় জানা গেল
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র/মিডিয়াসূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করেছেন।
এতে আরও বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গেছে। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যে পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাঁদের মধ্যে চারজন কুষ্টিয়া ও একজন ঢাকার অধিবাসী। তাঁরা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের আহমেদ বাবু।
মোহাম্মদ খালেদ বলেন, উপহাইকমিশনের এক কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন; তিনিসহ স্থানীয় পুলিশ এই পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। আগুনের ঘটনায় মারা যাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে আরও কোনো বাংলাদেশি আছেন কি না, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
মতামত দিন