আইডি হ্যাক হয়নি, জামায়াত মানুষের কাছে মিথ্যা কথা তুলে ধরছে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতারা নারীদের অসম্মান ও মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের কাছে নিজেদের চরিত্র লুকাতে চেষ্টা করছে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে নারীদের নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আইডি হ্যাক হয়নি। তারা নিজের স্বার্থে মিথ্যা কথা তুলে ধরছে। এরা মিথ্যাবাদী।
সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে ঘরে আটকে রাখতে চায়। তাদের নেতারা পরিষ্কার ভাষায় বলেছে, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তারা নারীদের অসম্মান করেছে।
তারেক রহমান উদাহরণ হিসেবে বলেন, নবী করিম (সা.)-এর স্ত্রী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন সফল ব্যবসায়ী। আজ যারা নারীদের অসম্মান করে, তারা ধর্মের আড়ালে নিজেদের স্বার্থ রক্ষা করছে। নির্বাচনে সুযোগ পেলে তাদের আচরণ দেশের নারীদের ওপর কী হতে পারে, তার উদাহরণ আমরা ১৯৭১ সালে দেখেছি।
তিনি দেশের মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের বিরুদ্ধে যারা এইভাবে কথা বলছে, তাদের কীভাবে জবাব দেবেন, সেটা ভাবার সময় এসেছে।
খুলনার শিল্পনগরী পুনর্গঠন বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠিত হলে খুলনা ও সাতক্ষীরার শিল্পাঞ্চল পুনরায় জীবন্ত করা হবে, যেখানে নারীদেরও কর্মসংস্থানের সুযোগ থাকবে। তরুণদের জন্য আইটি পার্কসহ আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।
তিনি ভোটারদের সতর্ক করে বলেন, যারা মিথ্যা বলছে, নারীদের হেয় করছে, তারা ষড়যন্ত্র শুরু করেছে। ভোট সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে