নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলাটি রাজধানীর মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চার আসামি—নাঈমুল হাসান রাসেল, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বিকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে।
পলাতকদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।
এর আগে ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের প্রয়োজনীয় নথি সরবরাহ না করায় তা পিছিয়ে যায়। পরে নতুন করে ১৫ এপ্রিল দিন ধার্য করা হয়। আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে