Views Bangladesh Logo

রোহিঙ্গাদের দীর্ঘদিনের নিপীড়নের স্বীকৃতি আইসিজের রায়: এইচআরডব্লিউ

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, দীর্ঘদিন ধরে নিপীড়ন ও সহিংসতার শিকার রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এ রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ প্রতিক্রিয়া জানায়। গাম্বিয়ার দায়ের করা মামলায় একই দিন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে দায়ী করেন। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থন ও ৬ জনের বিরোধিতায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করার ক্ষেত্রে আইসিজের এটিই প্রথম রায়।

এইচআরডব্লিউর আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, আইসিজের এ ঐতিহাসিক সিদ্ধান্ত মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমার গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতন এবং জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করার মতো কর্মকাণ্ড চালিয়েছে। এসব অপরাধের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্তে পৌঁছান বিচারকরা।

রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত না করার অভিযোগও প্রতিষ্ঠিত হয়েছে। আদালত দেশটিকে গণহত্যা সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন, ২০১৭ সালের অপরাধের সঙ্গে জড়িতদের তদন্ত এবং প্রমাণ পাওয়া গেলে বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় চূড়ান্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এ পরিস্থিতিতে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনেও মামলাটি পরিচালিত হয়।

আদালত রোহিঙ্গা ভুক্তভোগীদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করার ক্ষেত্রে গাম্বিয়ার আইনগত অধিকারও স্বীকার করেছেন। রায়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য প্রতিকার ও ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্মিলনের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিক থেকে মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের কারণে রোহিঙ্গা বেসামরিক নাগরিকরা নতুন করে সহিংসতার ঝুঁকিতে পড়েছেন। উভয় পক্ষের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, অগ্নিসংযোগ ও বেআইনি নিয়োগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এইচআরডব্লিউর অভিযোগ, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের পাশাপাশি বর্ণবৈষম্য, নিপীড়ন ও বেআইনি আটকের মতো মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মির বিরুদ্ধেও জোরপূর্বক শ্রমে নিয়োগ, বিনা কারণে আটক এবং যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এমন গুরুতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন নিয়ে এইচআরডব্লিউ জানিয়েছে, কোনো পক্ষ রায় মানতে ব্যর্থ হলে অন্য পক্ষ বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ রায় কার্যকরে সুপারিশ করতে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে। তবে আদালতের রায় বাস্তবায়নে নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত এ ধরনের ক্ষমতা প্রয়োগ করেনি। জাতিসংঘ সাধারণ পরিষদ এবং পৃথক রাষ্ট্রগুলোও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রায় বাস্তবায়নে চাপ সৃষ্টি করতে পারে।

মারিয়া এলেনা ভিগনোলি বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দেশগুলোর প্রতি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, সংঘটিত নৃশংসতার বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখা এবং মিয়ানমারের সামরিক জান্তাকে আদালতের নির্দেশনা বাস্তবায়নে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এই মানবাধিকারকর্মী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ