Views Bangladesh Logo

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ‘অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যার ‘অভিপ্রায়’ ছিল বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে দেওয়া এ রায়ে আদালত বলেছেন, রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছিল।

তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণে দেখা গেছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

রায়ের কয়েকটি নির্দিষ্ট ঘটনায় মিয়ানমারের কর্মকাণ্ডে গণহত্যার অভিপ্রায় ছিল বলে উল্লেখ করেন আদালতের প্রেসিডেন্ট। আইসিজে বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের।

আদালত আরও বলেন, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক ব্যক্তিরা অংশ নিলেও গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের সচেতন থাকা উচিত ছিল। গণহত্যা প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন আইসিজে। ২০১৯ সালে গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছে মিয়ানমার। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় গাম্বিয়া। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায় দেশটি।

তবে মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পরিপ্রেক্ষিতেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে অবস্থান করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ