বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া ৩ হাজার কোটি টাকা যেভাবে ব্যবহার করেছে আইসিবি
পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে গৃহীত ঋণ পরিশোধে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সদাশয় সরকারের প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে তিন হাজার কোটি টাকা মঞ্জুর ও বিতরণ করে।
বিতরণকৃত অর্থ যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ডের দুইজন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়।
আইসিবির প্রস্তাব ও মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে উক্ত কমিটির তত্ত্বাবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ-এ এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং বর্ণিত কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে দুই হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে পুঁজিবাজারে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ইতোপূর্বে উচ্চ সুদে গৃহীত ঋণের অংশবিশেষ পরিশোধে ব্যয় করা হয়েছে।
উক্ত তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজনীয় নিরীক্ষা কার্যক্রম সম্পন্নপূর্বক আইসিবির পরিচালনা বোর্ডকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে