Views Bangladesh Logo

যতবার ইচ্ছা হবে, বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব: স্যালুট বিতর্কে ইশরাক

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্যালুট দেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে তিনি স্বতঃস্ফূর্তভাবে স্যালুট দিয়েছেন এবং ভবিষ্যতেও তা জানিয়ে যাবেন।

রোববার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।’

এর আগে একই দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় তিন বাহিনীর প্রধানদের পাশে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে তিনি স্যালুট দেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক হোসেন বলেন, তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন। বিষয়টি নিয়ে ‘মুখরোচক আলোচনা’ বা ‘তামাশা’ করাকে তিনি অস্বাভাবিক বলে মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি। হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, দেশের কিছু মানুষের এমন সংবেদনহীন আচরণ দুর্ভাগ্যজনক। তার ভাষায়, ‘অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়।’ একই সঙ্গে তিনি সবার জন্য হেদায়েত কামনা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ