বিশ্বকাপ সেমিফাইনালে হারের দায় নিজের কাঁধে নিলেন এমবাপ্পে
স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর পুরো দায় নিজের কাঁধে নিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি স্বীকার করেছেন, কৌশলগত ও কারিগরি—উভয় দিক থেকেই দলটি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে।
ডালাস স্টেডিয়ামে ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ফ্রান্সের পরিকল্পনা ছিল শুরু থেকেই স্পেনকে চাপে রাখা এবং বলের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। কিন্তু মাঠে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। ফলে স্পেনের মিডফিল্ডার রদ্রি ও ফাবিয়ান রুইজ সহজেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেন।
তিনি আরও বলেন, “আমাদের মাঝমাঠে তিনজন খেলোয়াড় ছিল তাদের দুজনের বিপক্ষে, কিন্তু রদ্রি ও ফাবিয়ান অনেক বেশি সময় ও জায়গা পেয়েছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। আমার মনে হয়, আমাদের ম্যান-টু-ম্যান মার্কিংয়ে যাওয়া উচিত ছিল।’
টুর্নামেন্টে আগের ছয় ম্যাচে ১৬ গোল করা ফ্রান্স স্পেনের শক্তিশালী ও সুশৃঙ্খল ডিফেন্স ভাঙতে পারেনি। ম্যাচের ২২ মিনিটে লুকাস দিগনের ফাউলে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল গোল করে স্পেনকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরো আরেকটি গোল করে স্পেনের ফাইনালে ওঠা নিশ্চিত করেন।
এমবাপ্পে বলেন, “কৌশলগত ও কারিগরি দিক থেকে আমরা আমাদের গেম প্ল্যান বাস্তবায়ন করতে পারিনি। বিশ্বকাপের এই পর্যায়ে প্রয়োজনীয় মানের ফুটবল খেলতে না পারলে জয়লাভ করা যায় না।”
এই রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, বল ধরে রাখা ও দখল ফিরে পেলে সেটি কাজে লাগানোয় ফ্রান্স ব্যর্থ হয়েছে।
দ্বিতীয়ার্ধে কোচ দিদিয়ের দেশাম্পের আক্রমণাত্মক বদলি সত্ত্বেও ফ্রান্স ঘুরে দাঁড়াতে পারেনি। টুর্নামেন্টে আট গোল করা এমবাপ্পেকে স্পেনের ডিফেন্স কার্যকরভাবে আটকে রেখেছিল। তবে তিনি এখনও গোল্ডেন বুট রেসে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপেও তিনি আট গোল করেছিলেন।
অধিনায়ক হিসেবে পূর্ণ দায় স্বীকার করে ২৬ বছর বয়সী এমবাপ্পে বলেন, ‘অধিনায়ক হিসেবে এই হারের পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। আমরা ফাইনালে উঠতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি।’
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী শনিবার মিয়ামি গার্ডেনসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের পরাজিত দলের মুখোমুখি হবে ফ্রান্স।
মতামত দিন