Views Bangladesh Logo

আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি।’

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার জানান, তিনি গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন এবং মেডিকেল চেকআপ শেষ হওয়ায় দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল—আমার কিছুই জানা নাই। এখন হয়তো জানতে পারব। মানে, আমি জানি না।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ তুলে ধরা হলে তিনি বলেন, ‘এটা অনুমাননির্ভর প্রশ্ন। উনি কী করবেন, না করবেন, তা তো আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি।’

তবে তিনি সংবিধানের বিধান উল্লেখ করে বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এ সময় পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’

আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও কেন আগে ফিরলেন—এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘আমার একটু ব্যক্তিগত কাজ আছে। কালকে আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, সেজন্যই আমি এসেছি।’

সংবিধানের বিধান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধানে লেখা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, আর সেটা তিন মাসের মধ্যে করতে হয়।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ