শান্ত করার চেষ্টা করেও কাউকে বোঝাতে পারিনি: সংবাদ সম্মেলনে জবি উপাচার্য
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।
মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে একাধিক সমন্বয় সভা ও মতবিনিময় করেছে।
তিনি বলেন, জাতীয় গুরুত্বসম্পন্ন এ কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সহযোগিতার বিষয়টি বিবেচনা করেই চেয়ারম্যানকে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছিল। এমন একটি গুরুত্বপূর্ণ দিনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সবার কাছ থেকে সংযত, দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত ছিল।
তবে দুই পক্ষের সংঘর্ষের কারণে পুরো আয়োজনের পরিবেশ নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, আমি সেমিনার থেকে বের হয়ে তাদের শান্ত করার চেষ্টা করেছিলাম। কেউ আমার কথা শোনেননি।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার সুযোগ নেই। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ দেওয়ার জন্য গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মতামত দিন