ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া
গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়ার বিষয়ে সাবেক সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দল ইসরাইলিদের টাকায় চলে, সেই দলে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বিভিন্ন সময়ে দল বদলের প্রসঙ্গ টেনে রেজা কিবরিয়া বলেন, তিনি প্রথমে গণফোরামে ছিলেন। সেখানে সংসদে যোগ দেওয়া না দেওয়া নিয়ে মতবিরোধ তৈরি হলে দল বিভক্ত হয়ে পড়ে। একাংশ সংসদ বর্জনের পক্ষে, অন্য অংশ সংসদে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেয়—এতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।
গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধেই তিনি সেখানে যোগ দিয়েছিলেন। রেজা বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আমি খুব সম্মান করতাম। তার কথায় কিছুদিন ওখানে ছিলাম। কিন্তু যেখানে ইসরাইলিদের অধীনে দল চলে, ইসরাইলিদের টাকায় দল পরিচালিত হয়—সেখানে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না।
রেজা কিবরিয়া আরও দাবি করেন, বিষয়টি তিনি আগে জানতেন না। পরে বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায় এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে বিষয়টি নিশ্চিত হয় বলে তিনি জানান।
তার ভাষায়, ‘ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, নূরুল হক নূরের সঙ্গে তিনটি জায়গায় মোসাদের বৈঠক হয়েছে। তখন আমি বিষয়টি একেবারে নিশ্চিত হতে পারি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে