থেরাপি নিচ্ছি, ভালো হলেই দেশে আসব: মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এখন তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।
বুধবার বিকেলে মোবাইল ফোনে নিজের সুস্থতার তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি। থেরাপি নিচ্ছি। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।’
দেশে কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো হলেই দেশে চলে আসব।’
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ, ভালো আছেন। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। হাসপাতালে থাকছেন।’
গত ১১ মার্চ ইফতারের সময় ঢাকার বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্রুত তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
এরপর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা এক মাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার বিশেষায়িত প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে