এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর সন্তান হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্বরের এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, 'আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এখানেই বড় হয়েছি। আমার ও আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এখানে হয়েছে। তাই এলাকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।' তিনি ধানের শীষকে জয়যুক্ত করতে সবার প্রতি বিনীত অনুরোধ জানান।
বিকেল সাড়ে ৩টার পর পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এরপর ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এটি একটি নির্বাচনী পথসভা এবং মানুষের চলাচলের রাস্তা হওয়ায় তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন।
ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, 'যাতে মা-বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্য নিরাপদভাবে পরিচালনা করা যায়।'
তিনি আরও বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে।
এ ছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার অঙ্গীকার করেন তারেক রহমান। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবারও ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে