Views Bangladesh Logo

রোগ প্রতিরোধে ‘হাইজিন ফর বাংলাদেশ’ প্রচার শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির সহযোগিতায় দেশব্যাপী ‘হাইজিন ফর বাংলাদেশ’ (স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ) শীর্ষক প্রচার শুরু হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান লেকপার্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং সামানজার সাঈদ যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার শিগগিরই সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ বা ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করবে। এর মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সুস্থ থাকতে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, শুধু হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের সেবার ওপর নির্ভর না করে প্রতিটি পরিবারে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। তিনি এ উদ্যোগের জন্য সামানজার সাঈদের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, দেশব্যাপী শিক্ষামূলক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রতীকীভাবে পায়রা ও পরিবেশবান্ধব পচনশীল বেলুন উড়িয়ে দেশব্যাপী স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রমের সূচনা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ