Views Bangladesh Logo

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার প্রায় ১০ বছর পর এ মামলার রায় হলো।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে দুলালের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন দুলালের ভাই হারুন, ভাবী মোরশেনা, বোন সুমাইয়া ও বোন জামাই রাজু।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালে দুলাল হোসেনের সঙ্গে শারমিনের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে দুলাল শারমিনকে মারধর করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।

২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শারমিনকে মারধরের একপর্যায়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে শারমিনের মা মোসা. মোমেলা হাসপাতালে গিয়ে মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পারেন, শারমিনের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি।

মেয়ের মৃত্যুর ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন মোমেলা। মামলায় দুলালের মা জরিনাসহ ছয়জনকে আসামি করা হয়। ২০১৭ সালের ৩১ জানুয়ারি তদন্ত শেষে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এ কে এম সাইদুজ্জামান ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় দুলালের মা জরিনা বেগম বিচার চলার মধ্যেই মারা যান।

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত। এতে দুলাল হোসেনকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ