হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ‘লালা’, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি
প্রলয়ংকরী রূপ ধারণ করে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন ‘লালা’। শনিবার (১৫ আগস্ট) ঝড়টির প্রভাবে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি শুরু হলে রাজ্যজুড়ে ৪০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এমন উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলটিতে ‘প্রাণঘাতী’ ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।
স্থানীয় সময় বেলা ২টা ১৪ মিনিট পর্যন্ত হাওয়াইয়ের প্রায় ৪২ হাজার ৮৮৯ জন গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে বিগ আইল্যান্ডে; যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৩১ হাজার ৭৯২ জন গ্রাহক । এ ছাড়া মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ নিয়ে গঠিত মাউই কাউন্টিতে অন্তত ৭ হাজার ২০৩ জন গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
হ্যারিকেন সেন্টারের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, হ্যারিকেনের প্রভাবে বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি এবং কিছু এলাকায় সর্বোচ্চ ২৫ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া পূর্ব মাউইতে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইতে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন। ঝড়টিকে ‘বিশাল ও প্রলয়ংকরী’ হিসেবে আখ্যায়িত করে তিনি জানান, জরুরি অবস্থা জারির ফলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বর্জ্য অপসারণ, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা এবং ঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে সরকারি তহবিল ও সম্পদ ব্যবহার করা হবে।
সূত্র: দ্য জেরোজালেম পোষ্ট, ডয়েচে ভেলে
মতামত দিন