Views Bangladesh Logo

রোমে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৩০

তালির রাজধানী রোমের উপশহর প্রেনেস্তিনোতে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনের জানালাও কেঁপে ওঠে।

রোমের মেয়র রবার্তো গ্যালতিয়েরি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আহতদের মধ্যে ৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ মানুষ। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে ভবনগুলো খালি করে ফেলা হয়। এর পাশেই ছিল একটি স্পোর্টস সেন্টার, যেখানে শিশুদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প চলছিল। ভাগ্যক্রমে বিস্ফোরণের আগেই শিশুদের সরিয়ে নেয়া হয়েছিল, ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

স্পোর্টস সেন্টারের এক কর্মী ২৩ বছর বয়সী মিচেলি সেকো বলেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল- মনে হচ্ছিল যেন চামড়া পুড়ে যাচ্ছে।

এমনকি এ বিস্ফোরণের আওয়াজ রোমজুড়ে শোনা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে বিশাল আগুনের গোলা ছুটে যাচ্ছে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

স্পোর্টস সেন্টারের প্রধান বালজানি ফাবিও বলেন, আগুন শুরু হয়েছিল সকাল ৭টা ৩০ থেকে ৭টা ৪০-এর মধ্যে। বিস্ফোরণ যদি সকাল ৮টা ৩০-এ হতো, যখন ৬০টি শিশু ও ১২০ জন সুইমার সেন্টারে উপস্থিত থাকার কথা ছিল, তাহলে এটি ‘গণহত্যার’ মতো ঘটনা হতে পারত।

স্থানীয় দমকল বাহিনী জানায়, গ্যাস রিফুয়েলিং চলাকালে একটি লিক থেকে আগুন লাগে এবং তা পরে ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে বিস্ফোরণ ঠেকানো সম্ভব হয়নি।

পেট্রোল স্টেশনটি গাড়ির জ্বালানি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করত। ইতালির ফায়ার সার্ভিস এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে পুড়ে যাওয়া ভবন, দাউদাউ আগুন এবং ছাইচাপা ধ্বংসস্তূপ দেখা যায়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আহতদের প্রতি সমবেদনা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী, দমকলকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ