এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী। আগামী ২ ও ৩ ডিসেম্বর এই পরীক্ষা হবে। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবারের এইচএসসিতে ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত দুই দশকের মধ্যে এটি সর্বনিম্ন। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাস করাদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, যা ছাত্রীদের মধ্যে ৫৬ দশমিক ৩১ শতাংশ। আর ছাত্র পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, তাঁদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র ও ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। ফলে এবার এই সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
শূন্য পাসের প্রতিষ্ঠানও বেড়েছে। এবার ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ২০২টি, অর্থাৎ বেড়েছে ৯১টি।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ব্যবহারিক পরীক্ষা শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া যায়নি। স্থগিত পরীক্ষাগুলো পরে হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
মতামত দিন