নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার ফল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝি প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। শুক্রবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সাইদ আখতারুজ্জামান।
তিনি বলেন, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বন্যার কারণে কয়েক দফা পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। ফল নভেম্বরের মাঝামাঝি প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তাত্ত্বিক পরীক্ষা ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।
এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষা দিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগামী ২৪ আগস্ট বিশেষ পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মতামত দিন